সৌদির সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদুল আজহা উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর ও ছিয়াত্তর বিঘি এবং গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার দিঘিপাড়া গ্রামের কিছু মানুষ ঈদের নামাজে অংশ নেন।
এদিকে বৃষ্টির কারণে এই তিন উপজেলায় ঈদুল আযহা নামাজ মসজিদে আদায় করেন মুসল্লিরা।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা এলাকায় সকাল সাড়ে ৭ টার সময় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে মোমিনটোলা জামি মসজিদের ইমাম আবুল কালাম আজাদ ইমামতি করেন। নামাজে প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন।
অন্যদিকে সকাল ৮টায় জেলার শিবগঞ্জ উপজেলার ৭৬ বিঘি এলাকার একটি মসজিদে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা ইউসুফ আলীর ইমামতিতে প্রায় ২শতাধিক মুসল্লি নিয়ে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার দিঘিপাড়া গ্রামে প্রথমবারের মতো ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দিঘিপাড়া জামে মসজিদে ঈদুল আযহার নামাজ পড়ান মাওলানা মোহাম্মদ রমজান আলী। এতে
দিঘিপাড়া গ্রামের ৫০ থেকে ৬০ মুসল্লি নামাজে অংশ নেন।
নামাজ শেষে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কুরবানিও সম্পন্ন করেন তারা।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জে কয়েক বছর ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৭ মে ২০২৬

