গৃহশিক্ষিকার হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন



চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা মরিয়ম বেগমকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। 
প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর, সমতা নারী উন্নয়ন সংস্থার পরিচালক আকসানা খানম, এলাকাবাসী আব্দুল করিম, আবু সাঈদ ও নিহতের ছেলে মোবারক হোসেনসহ অন্যরা।
মানববন্ধনে এলাকার নারী-পুরুষ অংশগ্রহণ করেন৷ 
মরিয়ম বেগমের হত্যাকারীদের দ্রুত বিচার সম্পন্ন করে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা। 
উল্লেখ্য,গত ১৮ মে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটি চৌকাপাড়ায় (অধিরের মোড়) একটি বাড়িতে প্রাইভেট পড়াতে যান মরিয়ম। পরে দিন ওই বাড়ি থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক রুবেল হোসেন (৩৫) তার স্ত্রী সুমাইয়া আক্তার সুমি (২৮), সুমির বাবা আনোয়ার হোসেন (৫৫) ও রাজারামপুর মাস্টারপাড়ার ছবি সাহার ছেলে স্বর্ণকার শ্রী দীপক সাহা (৩৫) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোরিক্তমূলক জবানবন্দি দিয়েছেন সুমি। কাঠের বাটাম দিয়ে আঘাত করে তিনি মরিয়মকে হত্যা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ মে ২০২৬