৭ বছর পর ‘মৃত’ আয়েশা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাত বছর আগে নিখোঁজ হওয়ার পর যাকে হত্যার অভিযোগে মামলা হয়েছিল, সেই আয়েশা খাতুনকে (২৪) জীবিত উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে জেলার ভোলাহাট উপজেলার বাসস্ট্যাণ্ড এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, ২০১৯ সালের ৩১ মে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার আলমপুর গ্রামের মো. আবুল হোসেনের মেয়ে আয়েশা খাতুন নিজ বাড়ি থেকে নিখোঁজ হন।তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে প্রথমে ভোলাহাট থানায় সাধারণ ডায়রি করেন আয়েশার মা আদরি বেগম। পরে আদালতে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন তিনি। মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিলের পর আদুরি বেগম পুনরায় আদালতে মামলা দায়ের করেন। যা ভোলাহাট থানা পুলিশ তদন্ত করছিল। দীর্ঘ তদন্তের পর গত রবিবার রাত সোয়া ৮টায় ভোলাহাট ঢাকা বাস স্ট্যান্ডে বিআরটিসি কাউন্টারের সামন থেকে আয়েশাকে উদ্ধার করে ভোলাহাট থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, দীর্ঘ সাত বছর পর নিখোঁজ আয়েশাকে জীবিত উদ্ধার করা পুলিশের জন্য একটি বড় সাফল্য।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ভোলাহাট থানার এসআই মো. কামাল হোসেন জানান, আয়েশা খাতুনকে সোমবার আদালতে তোলা হয়। পরে আদালতের নির্দেশে তাকে তার মা বাবার জিম্মায় তুলে দেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ মে ২০২৬
