কবরস্থানের পাশ থেকে দেশীয় বন্দুক ও গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি পারিবারিক কবরস্থানের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরি বন্দুক, ২টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত বুধবার রাতে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মিরাটুলি এলাকায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শিবগঞ্জে নয়ালাভাঙ্গা বাবুপুর মিরাটুলি মিয়া কবরস্থানের সীমানা প্রাচীরের পাশে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি কাপড়ের ব্যাগ তল্লাশি করে ১টি দেশীয় তৈরি বন্দুক, ২টি ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে র্যাবের এই ধরনের বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩০ এপ্রিল ২০২৬

