পাম্প থেকে তেল নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাম্পে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫-৬
জন আহত হয়েছেন। বুধবার দুপুরে দাদনচক হল মোড়ে মির্জা ফিলিং স্টেশন এলাকায় বাররশিয়া ও দাদনচক গ্রামবাসীর মধ্যে সংঘর্ঘের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আজম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 
পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার থেকেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা চলে আসছিলো। ওইদিন বিকালে মির্জা ফিলিং স্টেশনে তেল নিয়ে গিয়ে বাররশিয়া ও দাদনচকের দুই যুবকের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়ান। এরই জের ধরে মঙ্গলবারও দুই গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর বুধবার উভয় গ্রামের বাসিন্দারা সংঘর্ঘে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পেক্ষের ৫-৬ জন আহত হয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।    

দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজম আলী বলেন, ছোট ঘটনা নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবয় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হচ্ছে। ককটেল বিস্ফোরণের কথাটি আমরা শুনেছি। 
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, সংঘর্ষের পর মির্জা ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৯ এপ্রিল ২০২৬