আত্মহত্যা প্রতিরোধে মিডিয়া রিপোর্টিং কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জে আত্মহত্যা প্রতিরোধে দায়িত্বশীল মিডিয়া রিপোর্টিং বিষয়ক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা শহরের একটি হোটেলে এই কর্মশালার উদ্বোধন করেন ডা. একেএম শাহাব উদ্দিন। টেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেড এবং জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল ও ইন্সটিটিউট এবং ডাব্লিউ এইচ ও এর লাইভ লাইফের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জে ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালা পরিচালনা করেন মানসিক রোগ বিশেষজ্ঞ ওটেলিসাইকিয়াট্রি রিসার্চ অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. তানজির রশিদ সরণ ও খবরের কাগজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোঃ আসাদুল্লাহ। কর্মশালা অনুষ্ঠান সঞ্চালনা করেন টেলিসাইকিয়াট্রি রিসার্চ এন্ড ইনোভেশন নেটওয়ার্ক লিমিটেডের প্রোগ্রাম ম্যানেজার ডা. কাজী শামীন আজমিরি।
কর্মশালায় আয়োজকরা জানান, বিশ্বে প্রতিবছর প্রায় ৭ লাখ মানুষ আত্মহত্যায় মারা যায়। এরমধ্যে প্রতি বছর বাংলাদেশে ১০-১২ হাজার মানুষ আত্মহত্যা করেন। এছাড়াও দেশের প্রায় ২০ ভাগ মানুষ মানসিক সমস্যায় ভোগে। ১০ শতাংশের কম মানুষ মানসিক সমস্যার চিকিৎসা পায় না। কর্মশালায় আরও বলা হয়, ২০২৫ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১০৮ জন আত্মহত্যা করেন। আর চলতি বছরের এপ্রিল পর্যন্ত ৩০ জন আত্মহত্যা করেছেন। তাই এধরনের স্পর্শকাতর রিপোর্টিংয়ে দায়িত্বশীল হওয়া প্রয়োজন। আত্মহত্যা প্রতিরোধে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, শারীরিক বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত। এবং চিকিৎসকের স্মরানাপন্ন হওয়া প্রয়োজন।
কর্মশালায় সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ সারাদেশে মানসিক রোগের চিকিৎসকের স্বল্পতা রয়েছে। তবে সরকারি জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে একজন করে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক রয়েছেন যারা মানসিক রোগের চিকিৎসা করেন। প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা সেবা নেওয়া যায় তাহলে আত্মহত্যা প্রবনতা রোধ করা যাবে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৯ এপ্রিল ২০২৬

