চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে এক শিশুর মৃত্যু, হামের উপসর্গ নিয়ে ১২ শিশু ভর্তি



চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মাসুদা নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তবে সে হামজনিত নাকি অন্য রোগে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। 
মারা যাওয়া মাসুদা খাতুন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুরের মো. নইমুরের মেয়ে। 
এদিকে জেলা হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু রোগী ভর্তি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১২টি শিশু জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। 
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার আব্দুস সামাদ বলেন, ' সকালে শাজাহানপুরের হাকিমপুর গ্রামের দু' বছর চার মাস বয়সী মাসুদা নামের এক শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আমরা তাকে কিছু সময় অক্সিজেন দিয়েও রেখেছিলাম। শিশুদের ক্ষেত্রে আমরা তা করে থাকি। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।  সে হামে আক্রান্ত হয়ে নাকি অন্যরোগে আক্রান্ত হয়ে মারা গেছে তা নিশ্চিত হওয়া যায়নি'। 
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মসিউর রহমান জানান, বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে ৪৬ টি শিশু ভর্তি রয়েছে। গত ২৪ ঘন্টায় ১২ শিশু ভর্তি হলেও ২৪ টি শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
দুই দিন ধরে নতুন রোগী ভর্তির সংখ্যা কমছে এবং সুস্থতার হার বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে।
চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে ৩৪৬ টি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 
তিনি আরও জানান, মারা যাওয়া মাসুদা'র বিষয়ে সিভিল সার্জনকে জানানো হয়। বিষয়টি তারা দেখবেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩ এপ্রিল ২০২৬