চাঁপাইনবাবগঞ্জে তুলার বস্তায় ৫০ কেজি গাঁজা: ট্রাকসহ গ্রেপ্তার ৩



চাঁপাইনবাবগঞ্জে তুলার বস্তায় লুকিয়ে রাখা প্রায় ৫০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত বৃহস্পতিবার মহানন্দা সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ট্রাকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য 
জানানো হয়। 
গ্রেপ্তারকৃতরা হলেন— হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর বরক গ্রামের মো. আলফাজ মিয়া (২৩), রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা এলাকার ট্রাক চালক মো. রকি আহমেদ (২৬) এবং একই এলাকার হেল্পার মো. সানোয়ার আহমেদ (১৯)।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ থেকে একটি মালবাহী ট্রাকে করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা সেতু এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়।  এসময় একটি মালবাহী ট্রাককে থাকা গার্মেন্টস ঝুট তুলার ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৯ কেজি ৫ শ গ্রাম 
গাঁজাসহ তিনকে গ্রেফতার করা হয়। 
অভিযানে মাদক বিক্রির নগদ ১২ হাজার ৮০০ টাকা ও মাদক বহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ৩ এপ্রিল ২০২৬