চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় কিশোর নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে আবির (১৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে বাইসাইকেল থাকা তার আরেক বন্ধু।
সোমবার রাত পৌনে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর চুরকি মার্কেট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা।
মারা যাওয়া আবির রাজশাহীর কাটাখালি এলাকার শ্যামপুরের মো. সুজনের ছেলে। তার পরিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগের (বিশ্বরোড মোড় তামান্না হোটেলের পিছনে) একটি বাড়িতে ভাড়া থাকেন। এই ঘটনায় গুরুতর আহত হন বাইসাইকেল আরোহী আবু তালহা (১৩)। তিনি শাহীবাগ এলাকার পলাশ আলমের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন বলেন, নিহত আবির তার বন্ধু আবু তালহাকে নিয়ে হরিপুর বাজারে গিয়েছিলেন। সেখান থেকে বাই-সাইকেলযোগে ফেরার পথে হরিপুর-চুরকি মার্কেটের সামনে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আবির। স্থানীয়রা আবু তালহাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত জনতা চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় এক ঘণ্টা অবরোধের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ এপ্রিল ২০২৬

