সীমান্তে ৮৮টি অবৈধ মোবাইল ফোন জব্দ



চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ৮৮ টি মোবাইল ফোন জব্দ করেছে  বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। 
বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে মনোহরপুর সীমান্তে অভিযান চালিয়ে স্মার্টফোনগুলো জব্দ করা হয়। 
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রাতে মাসুদপুর বিওপির সীমান্ত শুন্য লাইন হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জে মনোহরপুরে অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা ৮৮ টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত স্মার্টফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। 
প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া থেকে জব্দ করা স্মার্টফোন শুল্ক কার্যালয়ের জমা দেয়া হয়েছে। 

বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ চোরাচালান বন্ধে তৎপর রয়েছে বিজিবি। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৩ এপ্রিল ২০২৬