পদ্মায় বিএসএফের স্পিডবোটের আঘাতে বাংলাদেশি জেলে আহত, নিখোঁজ ১
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পদ্মা নদীতে মাঝ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের স্পিড বোটের আঘাতে মো. মোরশেদ নামে এক বাংলাদেশি জেলে আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় নৌকা থেকে পড়ে আরও এক বাংলাদেশি জেলে নিখোঁজ রয়েছেন।
বুধবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তের ওপরে ভারতের অভ্যন্তরে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে।
আহত মোরশেদ শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মনিরের ছেলে। নিখোঁজ ব্যক্তির নাম মো. ফকির (৩০), তিনি ওই গ্রামেরই চাঁদ মোহাম্মদের ছেলে।
ইউপি চেয়ারম্যান মুহা. আজম আলী ও স্থানীয়রা জানান, বুধবার রাতে মনোহরপুর সীমান্ত সংলগ্ন পদ্মা নদীতে মাছ ধরছিলেন মোরশেদ ও ফকির। এ সময় বিএসএফের সদস্যরা দূর থেকে তাদের উপর রাবার বুলেট ছোঁড়ে। এক পর্যায়ে বিএসএফের টহলের জন্য ব্যবহৃত স্পিড বোট উঠিয়ে দেয়া হয় মোরশেদ ও ফকিরের নৌকার উপরে। এতে তাদের নৌকাটি উল্টে যায়। পরে অন্য জেলেরা আহত অবস্থায় মোরশেদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন মো. ফকির।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, জেলেরা ভারতের ভেতরে মাছ ধরতে গেলে বিএসএফের ধাওয়ার মুখে পড়েন। এতে একজন আহত হয়ে ফিরে এসেছেন এবং একজন নিখোঁজ আছেন। তবে বিএসএফ কাউকে আটক বা আহত করার কথা অস্বীকার করেছে। নিখোঁজ জেলের পরিবারও এখন পর্যন্ত বিজিবি ক্যাম্পে কোনো লিখিত অভিযোগ দেয়নি। বিজিবি পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ মার্চ ২০২৬

