চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেন নির্মাণ কাজ করার সময় দেয়াল ধসে চাপা পড়ে নাইরুল ইসলাম (২৬) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 
রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন কোর্টপাড়া মহল্লায় এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া নাইরুল সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেগুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল। এ সময় পাশের একটি বাড়ির দেয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ মার্চ ২০২৬