মৃত শ্রমিকের পরিবার ও সন্তানদের বিয়েতে সহায়তা দিল শ্রমিক ইউনিয়ন
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারকে এবং তাদের সন্তানদের বিয়ের জন্য ৮ লাখ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রমিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই নগদ অর্থ প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন— জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার; সংগঠনটির সহসভাপতি আমিনুল ইসলাম, জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ আহমেদ ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ঢাকা কোচ মাস্টার সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অন্যরা।
অনুষ্ঠানে জানানো হয়, সংগঠনটির ৪ জন মৃত সদস্যের পরিবারকে ৭০ হাজার করে মোট ২ লাখ ৮০ হাজার টাকা দেয়া হয়। এছাড়াও ১৮ জন সদস্যের মেয়ের বিয়ের জন্য ৩০ হাজার এবং ৩ জন ছেলের বিয়ের জন্য ২০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা দেয়া হয়।
শ্রমিক ইউনিয়ন নিজস্ব তহবিল থেকে এ আর্থিক সহায়তা দিয়ে আসছে বলে জানান তারা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ মার্চ ২০২৬

