চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে পুনঃখনন হচ্ছে ‘নবাব খাল’
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৫ কোটি টাকার অধিক ব্যয়ে পুনঃখনন করা হচ্ছে ‘নবাব খাল’। সোমবার বিকালে পূনঃখনন কাজের উদ্বোধন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা
রেহান আসিফ আসাদ।
বিকাল পৌনে ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রুহুলবাঁধ এলাকায় খনন কাজের উদ্বোধন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) উজ্জ্বল কুমার ঘোষ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, পৌর নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলামসহ অন্যরা।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপি খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। তাঁর একটিই উদ্দেশ্যে ছিল বৃষ্টি ও নদীর পানি খালের মাধ্যমে এনে সেচকাজে ব্যবহার করা। এই পানি ব্যবহার করে খাদ্য উৎপাদন বাড়ানো। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও দায়িত্ব গ্রহনের একই উদ্দেশ্যে অর্থাৎ খাদ্য উৎপাদন বৃদ্ধিতে খাল খননের উদ্যোগ নিয়েছেন।
তিনি আরও আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলো তা দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে। এরইমধ্যে ফ্যামিলি কার্ড দেয়া শুরু হয়েছে। খুব শিগগিরই কৃষকদের ফার্মার কার্ড দেয়া হবে। এছাড়াও খাল খননসহ মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী দেয়ার প্রতিশ্রতি পূরণ করা হচ্ছে।
আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে গিয়েছিল, যার ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে সেচ সংকটে পড়তে হতো স্থানীয়দের। সরকারের এই বিশেষ উদ্যোগের ফলে এলাকার সাধারণ মানুষ ও কৃষকরা দীর্ঘমেয়াদী সুবিধা পাবেন। এছাড়াও এই খাল খননের কারণে পৌর এলাকা থেকে জলবদ্ধতা দূর হবে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা থেকে প্রায় ৫ কিলোমিটার দৈঘ্যের নবাব খাল পুনঃখননে ব্যয় হবে ৫ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার টাকা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ মার্চ ২০২৬

