শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে জুনায়েদ নামে আড়াই বছর বয়সী শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে  চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের ধোবড়া বাজার এলাকায় ঘটনা ঘটে। নিহত জুনায়েদ উপজেলার কামালপুর গ্রামের মো. সানাউল্লাহর ছেলে। 
এই দুর্ঘটনায় শিশুটির পরিবারের সদস্যসহ আরও ছয়জন গুরুত্বর আহত হয়েছেন। আহতরা হলেন- নিহত শিশুর বাবা মো. সানাউল্লাহ (২৫), ভাই মো. তাওহীদ (২), মা মোসা. সাইমা খাতুন (২১), কর্নখালী গ্রামের মোসা. শ্যামলী খাতুন (১৯), শিয়ালমারা গ্রামের মোসা. ইয়াসমিন বেগম (৪৫) এবং একই গ্রামের মোসা. বইকুল বেগম (৫৫)। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে ধোবড়া বাজার এলাকায় যাত্রীবাহী অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভটভটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু জুনায়েদের মৃত্যু হয়। অন্য যাত্রীরা গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসে কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের এই তথ্য নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৭ মার্চ ২০২৬