চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা



চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন সদ্য নিযুক্ত প্রশাসক মো. হারুনুর রশীদ। সোমবার দুপুরে জেলা পরিষদে প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। বেলা ১২ টার দিকে জেলা পরিষদে আসেন হারুনুর রশীদ। এ সময় জেলা পরিষদের কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর প্রথম কর্মদিবস হিসেবে তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন। 
সেখানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামসহ অন্যরা। 
পরে সাংবাদিকদের তিনি বলেন, জেলার আসনগুলোতে আমরা (বিএনপি) পরাজিত হয়েছি। চাঁপাইনবাবগঞ্জের জেলা যেন উন্নয়ন থেকে পিছে না পড়ে, সে জন্য প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন। জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে এক নম্বর প্রায়োরিটি। তিনি আরও বলেন, জেলা পরিষদের মাধ্যমে এই জেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আমি আরো এগিয়ে নেব। 
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, জেলা পরিষদের কর্মকাণ্ডের ব্যাপারে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। কোন অনিয়ম, অসঙ্গতি আছে কিনা সেগুলো আমাকে দেখিয়ে দিবেন। অবশ্যই যথাযথ পদক্ষেপ গ্রহণ করবো।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ মার্চ ২০২৬