মহানন্দায় ডুবে একজনের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে মাহিনুজ্জামান নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। এর আগে দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর এলাকায় নদীতে ডুবে যান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মোঃ মাহবুবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহিনুজ্জামান দ্বারিয়াপুর-স্কুলপাড়ার রোকনুজ্জামান রোকনের ছেলে। তিনি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র।

শেখ মো. মাহবুবুল ইসলাম বলেন, মাহিন ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন। দুপুরে তিনি বাড়ির অদূরে মহানন্দা নদীতে গোসল করতে যান। এক পর্যায়ে তিনি অসাবধানতাবশত পানিতে তলিয়ে যান। পরে তার পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসে খবর দেয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সর্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল সাড়ে ৪ টার দিকে মাহিনের মরদেহ উদ্ধার করা হয়।
পরে মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ মার্চ ২০২৬