চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ দুই জন আহত হয়েছে।
শুক্রবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের লিলিখিলি মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘুঘুডিমা গ্রামের মৃত ইসমাইলের ছেলে মোটরসাইকেল চালক মো. ওহিদুল (১৭) একই এলাকার মো. জয়নালের ছেলে মোটরসাইকেল আরোহী মিনহাজ (২২)।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান,
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে লিলিখিলি মোড়ে অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওহিদুল ও মিনহাজ নামে দুই মোটরসাইকেল আরোহী মারা যান। এ ঘটনায় মো. জাহিদুর রহমান জাপান (৬০) ও এলিম (৪৩) নামে দুই জন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ মার্চ ২০২৬

