চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ
চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠকে দু’পক্ষের উত্তেজনাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ঘটেছে। ককটেলের আঘাতে মোজাফ্ফর আলী নামে একজন আহত হয়েছেন।
এছাড়াও কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার কুথনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, আধাঘণ্টার ব্যবধানে প্রায় অর্ধশত ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে পুলিশ বলছে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণ হয়েছে।
স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে কুথনিপাড়া গ্রামের বিবাদমান দুটি পক্ষ সালিশী বৈঠকে বসে। ওই সালিশী বৈঠক রাণীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলীর সমর্থক ও একই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার) মো. চান্দুর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষই এলোপাথারি ককটেল ফাটাতে থাকে। এতে এলাকায় ব্যপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ককটেলের আঘাতে মোজাফ্ফর আলী নামে একজন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক দশকের বেশি সময় ধরে ওই এলাকায় দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।
রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমন আলী বলেন, রানিহাটি গুচ্ছগ্রামের দুইজন নারী ফোন করে বলেন ৮ থেকে ১০ জন মিলে একজনকে মারধর করছে। পরে জানতে পারি পদ্মায় ভাঙন এলাকার একজনকে মারধর করা হয়েছে। গতকাল রাত ১ দিকে চান্দু মেম্বারকে ফোন দিয়ে সকালে বসার (সালিশ) কথা বলি।
তিনি আরও বলেন, সকালে সালিশ বসার জন্য সেখানে গেলে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে সেখান থেকে প্রাণ বাঁচিয়ে চলে আসছি।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশ সুপার।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৪ মার্চ ২০২৬

