যেগুলোতে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে সেগুলোতে শিগ্রই নির্বাচন দিয়ে জনগনের প্রতিনিধি নির্বাচন করা হবে-প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, সরকারের এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আমরা প্রশাসক যেগুলোতে দিয়েছি এবং যেগুলোতে ইউএনও ও এসি ল্যান্ড প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলোতে নির্বাচন দিয়ে দিবো এবং সেই নির্বাচনে জনগনের ভোটে যারা নির্বাচিত হবে তারাই জনগনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে।
তিনি বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাজাহানপুর ইউনিয়নে নরেন্দ্রপুর বিলের উপর নির্মিত ব্রীজ পরিদর্শন কালে সাংবাদিকদের একথা বলেন।
এই মুর্হুতে দেশের উপজেলা পরিষদ ও পৌরসভায় প্রশাসক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকার স্থানীয় সরকার নির্বাচন গুলো বাতিল করে দিয়েছে একটি অর্ডিন্যান্সের মাধ্যমে। একই সঙ্গে তারা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দলীয় প্রতিকে অর্থাৎ জাতীয় প্রতিকে নির্বাচন করার সিদ্ধান্ত বাতিল করে সাধারণ প্রতিকে নির্বাচন করার বিষয়টি অধ্যাদেশে রেখেছে। বিগত সরকারের ১৩১ টি অধ্যাদেশ নিয়ে জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি কাজ করছে। এরমধ্যে স্থানীয় সরকারের ৫টি অধ্যাদেশ রয়েছে। অধ্যাদেশগুলো সংসদের পাশ হয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসলে আমরা নির্বাচনের ব্যাপারে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিবো।
প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, ‘দীর্ঘদিন পর দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই নির্বাচনে মানুষ সংখ্যাগরিষ্টতা দিয়ে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত , সারাদেশ এই সরকারের উন্নয়নের আওতায় থাকবে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শাহজাহানপুর ইউনিয়নের সেই ব্রিজের দুরবস্থা নিয়েও কথা বলেন। প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজটি শুধুমাত্র সংযোগ সড়ক না থাকায় দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে পড়ে ছিল। বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি দ্রুত পরিদর্শনের নির্দেশ দেন।
এই সমস্যা সমাধানে প্রতিমন্ত্রী জানান, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে একটি ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই আগামী ১৫ দিনের মধ্যে সেতুটির চলাচলের উপযোগী করে তুলবেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ, জেলা প্রশাসক আবু ছালেহ মুসা জঙ্গি, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসসহ অন্যরা।
এর আগে প্রতিমন্ত্রী নির্মাণাধীন ব্রীজ এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ মার্চ ২০২৬

