চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট



চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পেট্রোল ও অকটেনের সরবরাহ কমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। জেলার ৩২টি ফিলিং স্টেশনে তেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক পাম্পে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

পাম্প মালিক সমিতির মতে, আন্তর্জাতিক সরবরাহ চেইন বিঘ্নিত হওয়া ছাড়াও ঈদের দীর্ঘ ছুটিতে ব্যাংক ও ডিপো বন্ধ থাকায় পেমেন্ট প্রক্রিয়ায় বিলম্ব এই সাময়িক সংকটের প্রধান কারণ। ফলে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় পাম্পগুলো বাধ্য হয়ে গ্রাহকপ্রতি মাত্র ২০০-৩০০ টাকার তেল রেশন করে বিক্রি করছে।

শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে সরেজমিনে দেখা গেছে, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন। তেল পাওয়ার আশায় অনেক চালককে এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরতে দেখা যায়। এ ছাড়াও শিবগঞ্জসহ অন্য উপজেলার পাম্পগুলোতে মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও অনেকে খালি হাতে ফিরছেন।

শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষক খাদেমুল ইসলাম বাশার জানান, সাড়ে ৫ ঘণ্টা ঘুরে ও অতিরিক্ত ২০০ টাকা খরচ করে মাত্র ২০০ টাকার তেল পেয়েছেন তিনি। আজম আলী নামের আরেক মোটরসাইকেল চালক বলেন, জ¦ালানি তেলের সরবরাহ কম হওয়ার সুযোগ নিয়ে কালোবাজারিরা সক্রিয় হয়ে উঠেছে। খোলা বাজারে প্রতি লিটার পেট্রোল ২৫০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে।

তবে চাঁপাইনবাবগঞ্জ পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আলিম বলেন, ব্যাংক ও ডিপোর কার্যক্রম স্বাভাবিক হওয়ায় তেল আসা শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করা যাচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাশিদুল হাসান বলেন, মধ্যপ্রাচ্যের চলমান ইরান-সংক্রান্ত অস্থিরতার প্রভাবের কারণে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে এক সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলো চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে না। এ কারণে পাম্পগুলোও গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সরবরাহ দিতে পারছে না।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৫ মার্চ ২০২৬