নির্বাচনে আদিবাসী ও সংখ্যালঘুদের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিতের দাবিতে সংবাদ সম্মেলন



আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়েছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডু।
লিখিত বক্তব্যে প্রভাত টুডু বলেন, "দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানাভাবে বৈষম্য, ভীতি, নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে আসছে। বিশেষ করে নির্বাচন এলেই এই জনগোষ্ঠীর মানুষেরা চরম আতঙ্কে দিন কাটায়।" তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল নাগরিকের সমান অধিকার, নিরাপত্তা এবং স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা রয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, ভোটাধিকার কোনো দয়া নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার। নিরাপত্তা কোনো বিশেষ সুবিধা নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব।
এছাড়াও সংবাদ সম্মেলনে ৫টি দাবি তুলে ধরা হয়।  দাবি গুলো হলো,নির্বাচনকালীন সরকারকে আদিবাসী ও সংখ্যালঘুদের সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নির্বাচন-পূর্ব এবং পরবর্তী সময়ে যেকোনো ধরনের সহিংসতা রোধে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে, কমিশনকে আরও নিরপেক্ষ ও শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। ভয়ভীতি বা প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়ামাত্র দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে,  সকল প্রগতিশীল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, উত্তরবঙ্গ থেকে আদিবাসী টেকনোক্র্যাট মন্ত্রী ও সংরক্ষিত আসনে সংসদ সদস্য নির্বাচন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠনের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে এবং আদিবাসীসহ সংখ্যালঘু ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নির্ভয়ে ভোট দেওয়ার মতো আস্থার পরিবেশ তৈরি করতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর সভাপতি সুমি মুরমু, তথ্য ও প্রচার সম্পাদক প্রদীপ হেমব্রম, কোল নেত্রী রুমালী হাসদাঁ এবং আদিবাসী নেত্রী মনিকা সরেন। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ ফেব্রুয়ারী ২০২৬