মানুষ পুরাতন বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায়না-জামায়াতের আমির



বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ বিগত ৫৪ বছরের শাসন হোক আর অপশাসন হোক দেখেছে। ওটা দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। এখন বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। পুরাতন বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায়না।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
তিনি বলেন, জুলাই যোদ্ধারা সেদিন রাস্তায় নেমে বলেছিল,‘উই অন জাস্টিস’ আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চায়। তার মানে হলো দেশে ন্যায় বিচার নেই, সেই ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করব। রাজার জন্য যে বিচার সকলের জন্যও সেই একই বিচার, একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচারে যেমন শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীও একই ধরনের অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। 

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন,  ‘আমাদের যুবকেরা, যুবতীরা, তারা বেকার ভাতার জন্য আন্দোলন করে নাই। তারা হাতে হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করছে। আমরা যুবক-যুবতীদেরকে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, তোমাদের হাতে অপমানের ওই বেকার ভাতা আমরা তুলে দেবো না।’
রকেট গতিতে যুবকরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে উল্লেখ্য করে শফিকুর রহমান বলেন, বাংলাদেশ নামের যে উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ককপিটে বসবে যুবকেরা, আমরা গিয়ে বসবো পিছনের প্যাসেঞ্জার সিটে। দেশ তারা রকেট গতিতে চালিয়ে সামনের দিকে নিয়ে যাবে। পিছনে তাকানোর আমাদের আর সময় নাই। 
ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটা সমাজ গড়তে চাই, পুরুষরা পাবে পুরুষের অধিকার, মহিলারা ও নারীরা পাবে তাদের অধিকার এবং কোনো জালেম আমার কোনো মা, বোন, মেয়ে কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। সেই নিরাপদ বাংলাদেশ মায়েদের জন্য আমরা গড়তে চাই ঘরে, চলাচলে, কর্মস্থলে সর্বত্র, ইনশাআল্লাহ। 

দেশের নদীগুলোকে পুনরায় সচল করার প্রত্যয় ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী এখন কঙ্কাল। আমরা নদীগুলোকে জীবন্ত করে তুলবো। নদীমাতৃক যোগাযোগ ব্যবস্থা এবং নদীকে জাতীয় সম্পদে পরিণত করা হবে।’ 
পানির সমস্যা সমাধানে তিনি বলেন, ‘পদ্মায় যেখানে বাঁধ বা ব্যারেজ দিলে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা পাবে সেখানেই ব্যারেজ নির্মাণ করা হবে।’

জামায়াত ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আম সংরক্ষণ করার মতো কোনো হিমাগার নেই। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। কৃষিপণ্য সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার তৈরি করা হবে। যাতে সারা বছর ফল পাওয়া যাবে এবং বিদেশে রপ্তানি করা হবে। 
উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার অভাব দূর করার ঘোষণা দিয়ে তিনি জানান, ‘সুষম উন্নয়নের স্বার্থে যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, সেখানেই নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।’
জেলা জামায়াতে আমির মাওলানা আবুজার গিফফারীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ-৩(সদর) আসনে জামায়াত মনোনীত দাঁড়ি পাল্লার প্রার্থী নূরুল ইসলাম বুলবুল. চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ—২(নাচোল- গোমস্তাপুর-ভোলাহাট) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী ড. মিজানুর রহমান, জামায়তের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, মোহাম্মদ নজুরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি লতিফুর রহমান, মুখলেশুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহা. ইসাহাক, ছাত্র শিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি ও ডাকসুর জিএস এম.এম ফরহাদ, জামায়াতের শরিকদল জাতীয় গণতান্ত্রিক পার্টি—জাগপা মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
বক্তারা আসন্ন নির্বাচনে আমিরে জামায়াতের হাতকে শক্তিশালী করতে এবং একটি ইনসাফ কায়েমের সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ ফেব্রুয়ারী ২০২৬