গোমস্তাপুর থানা ফটকের ভেতরে ককটেল নিক্ষেপ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় ও বাজারে দু'টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে থানার প্রধান ফটকের ভেতরে এই বিস্ফোরণ ঘটে। এছাড়াও একই সময় গোমস্তাপুর বাজারে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এই দুই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মধ্যরাতে থানার প্রধান গেটের ভেতরে কে বা কারা ককটেল সদৃশ একটি বস্তু নিক্ষেপ করে পালিয়ে যায়। বস্তুটির বিস্ফোরণে বিকট শব্দের সৃষ্টি হয়। বিস্ফোরণস্থল থেকে
স্কচটেপ এবং জর্দার কৌটার বিচ্ছিন্ন অংশ আলামত হিসেবে উদ্ধার করে পুলিশ। অন্যদিকে গোমস্তাপুর বাজারে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ ফেব্রুয়ারী ২০২৬

