মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড



চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আরিফ হোসেন (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে  ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামীর উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 
দণ্ডপ্রাপ্ত আরিফ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২৩ সালের ১১ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জে দোভাগি গ্রামে আরিফের বাড়িতে অভিযান চালায় র‍্যার। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইনসহ আটক হন আরিফ। এ ব্যাপারে ওইদিন শিবগঞ্জ থানায় র‌্যাবের উপ-পরিদর্শক লূৎফর রহমান বাদি হয়ে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক এসলাম  আলী ২০২৩ সালের ৩০ জুন আরিফকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ ফেব্রুয়ারী ২০২৬