চাঁপাইনবাবগঞ্জে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
শনিবার ভোর ৫ টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- ফাটাপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বজলুর রহমান (২০), জেনারুল ইসলামের ছেলে মিনহাজ (২২) ও একই উপজেলার রানীহাটি-উপরধুমি এলাকার রফিজুল ইসলামের ছেলে শুভ (২০)।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আহতরা রাতে একটি বাড়িতে বোমা বানাচ্ছিলেন। এ সময় বিস্ফোরণ হলে ঘটনাস্থলে দুজন মারা যায়। মরদেহ ছিন্ন ভিন্ন হওয়ায় তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
এ ঘটনায় তিনজন আহতদের উদ্ধার করে স্থানীয়রা চাঁপাইনবাগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কেলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, যে বাড়িতে বোমা বানানো হচ্ছিল সেটিওেআংশিক ভেঙ্গে গেছে এবং টিনের চালা উড়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৪ ফেব্রুয়ারী ২০২৬

