তিনটি সংসদীয় আসনে শান্তিপূর্ণভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে



চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের ৫১৫টি কেন্দ্রে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের কার্যক্রম। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ একটানা ৯ ঘণ্টা ধরে চলবে।
সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের কেন্দ্রগুলোতে উপস্থিতি কম থাকলেও শহরতলীর কেন্দ্রগুলোতে উপস্থিতি ছিল ভালই। নারী পুরুষ ও তরুন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের ৩টি সংসদীয় আসনে এবার ৯টি রাজনৈতিক দলের মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি ভোটাররা এবার গণভোটেও অংশ নিচ্ছেন। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে সবচেয়ে বেশি অর্থ্যাৎ ৬ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির প্রবীণ নেতা ও ৫ বারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা এবং জামায়াত মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ড. মো. কেরামত আলী। এ ছাড়া লড়াই করছেন বাংলাদেশ ইসলামী ফন্ট্রের নবাব মো. শামসুল হোদা (মোমবাতি), জাতীয় পার্টির আফজাল হোসেন (লাঙ্গল), আব্দুল হালিম (ছড়ি) এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী মনিরুল ইসলাম (হাতপাখা)।
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়াই করছেন সাবেক সংসদ সদস্য মো. আমিনুল ইসলাম। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জামায়াতের ড. মু. মিজানুর রহমান। এই আসনে বড় দুই দলের পাশাপাশি আরও রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. সাদেকুল ইসলাম, জাতীয় পার্টির মু. খুরশিদ আলম বাচ্চু (লাঙ্গল) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মো. ইব্রাহীম খলিল (হাতপাখা)।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ৪ বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হারুনুর রশীদ লড়ছেন। তার বিপরীতে রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। এ ছাড়াও এই আসনে লড়াই করছেন ইসলামী আন্দোলনের মো. মনিরুল ইসলাম, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম এবং জেএসডির (রব) মো. ফজলুর ইসলাম খাঁন।
নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জে এবার মোট ভোটার সংখ্যা ১৪ লাখ ২৯ হাজার ৬৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ২০ হাজার ৭৮৯ জন এবং নারী ভোটার ৭ লাখ ৮ হাজার ৮৭০ জন।
এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ১৮১ জন,  চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ৪ লাখ ৬১ হাজার এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ জন ভোটার রয়েছেন।
পুরো জেলায় ৫১৫টি ভোটকেন্দ্রের ২ হাজার ৭৪৭টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবার নির্বাচনী দায়িত্ব পালনরত ও বিশেষ কারণে অনুপস্থিত ১৮ হাজার ৮০৬ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১২ ফেব্রুয়ারী ২০২৬