কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হল নির্বাচনী সরঞ্জাম



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনের ৫১৫টি ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। বুধবার সকালে সংশ্লিষ্ট উপজেলা থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জামাদি পাঠানো হয়। 
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ বলেন, বিকাল নাগাদ সব কেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জাম পৌঁছে যাবে। আগামীকাল যথাসময়ে ভোটগ্রহন শুরু হবে। এবার জেলার সব কেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি পুলিশের শরীরে বডি ওউন ক্যামেরা থাকবে। চরাঞ্চলের ইউনিয়নগুলোর ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি। 
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে ২২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ১ হাজার ৮২জন পুলিশ, ১৫ প্লাটুন বিজিবি, প্রায় ৭ হাজার আনসার সদস্যরা নিরাপত্তা দেবে। এছাড়াও সেনাবাহিনীর ১৭টি এবং র‍্যাবের ৬টি মোবাইল টিম কাজ করবে।

রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, নির্বাচন সুষ্ঠু-নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে বেশ কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তা বদল করা হয়েছে। কোন প্রার্থীর অভিযোগে নয়, বরং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রিজাইডিং কর্মকর্তাদের বদল করা হয়।  তবে কতজনকে বদল করা হয়েছে সেটা জানান নি তিনি। 
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১১ ফেব্রুয়ারী ২০২৬