চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি পিস্তল জব্দ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
মঙ্গলবার ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত থেকে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
পরে বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
বিজিবি অধিনায়ক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫ টার দিকে বিজিবির একটি দল শিবগঞ্জ উপজেলার ঠুটাপাড়ায় অভিযান চালায়। এ সময় দুটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন জব্দ করে।
তিনি বলেন, সংসদ নির্বাচনকে ঘিরে সীমান্ত দিয়ে বেশ কিছুদিন ধরেই অস্ত্র আসছে। এরই ধারাবাহিকতায় আজকের অস্ত্রগুলো এসেছে বলে ধারণা করা হচ্ছে। তবে নির্বাচনে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে বিজিবি সদস্যরা।
অধিনায়ক আরও বলেন, গত ৩ মাসে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে ৬ টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি ও সাড়ে ৯ কেজি বিস্ফোরক জব্দ করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১০ ফেব্রুয়ারী ২০২৬

