৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ আসছেন জামায়াতের আমির



আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রচারণায় চাঁপাইনবাবগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আগামী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বড় ইন্দারা মোড়ে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা আমীর আবু জার গিফারী এতথ্য জানান। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই এই জনসভার আয়োজন করা হচ্ছে।
জেলা আমীর আবু জার গিফারী তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন এবং যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করে একটি বৈষম্যমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী নির্বাচনে অংশ নিয়েছে। ৫ই ফেব্রুয়ারির এই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে দলটির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। সমাবেশটি সফল করতে সিভিল প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব ও গোয়েন্দা বিভাগসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছে জেলা জামায়াত।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান, রাজশাহী অঞ্চলের সহকারী জোন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম ও জেলা জামায়াতে সেক্রেটারি অধ্যাপক আবু বকর।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ ফেব্রুয়ারী ২০২৬