সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের জহুরপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর রবিউল (৩৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার দিনগত রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফের হাতে আটক হন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে ঠিক কিভাবে মারা গেছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।
নিহত রবিউল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের নেজাবুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতে রবিউল জহুরপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৯/৭ এস দিয়ে অবৈধভাবে গরু আনতে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। ভারতের ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নুরপুর ক্যাম্পের একটি টহলদল তাকে ভাগিরাথি নদী থেকে আটক করে নিয়ে যায়। পরে স্থানীয়রা জানতে পারে রবিউল মারা গেছেন।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য রমজান আলী বলেন, “শুনেছি রাত তিনটা থেকে সাড়ে তিনটার দিকে রবিউল গরু আনতে ভারতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে এবং মারা যায়।” রবিউল একাই ছিল না কি তার সঙ্গে আরো কেউ ছিল তা জানা যায়নি বলে তিনি জানান।
নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, মারা যাওয়ার বিষয়টি ভারতীয় খবরে দেখলাম। তার পরিবারের পক্ষ থেকে মরদেহ ফেরতের জন্য বিজিবি ক্যাম্পকে অনুরোধ করেছে।”
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান রাতে জানান, “মারা যাওয়ার তথ্য জানতে পেরেছে। পরিবারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগা করলে আমরা বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে ঘটনাটি জানতে চাই। সন্ধ্যায় পতাকা বৈঠকে বিএসএফ জানায়, হাফ প্যান্ট পরা অবস্থায় ভাগিরথি নদী থেকে মুমূর্ষ অবস্থায় রবিউলকে উদ্ধার করে নিয়ে যায় এবং দুপুরের দিকে সে মারা য়ায়। বর্তমানে তার মরদেহ জঙ্গিপুর হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান, রবিউল মৃগি রোগী ছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ জানুয়ারি ২০২৬

