গরু আনতে গিয়ে পদ্মায় নৌকাডুবি, নিখোঁজ এক
চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী পদ্মা নদীতে নৌকা ডুবে মো. গোলতাজ ওরফে কাজল (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের নারোখাকি এলাকার পদ্মা নদীতে।
নিখোঁজ কাজল চরবাগডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকপাড়া গ্রামের সাবেক মেম্বার মৃত ফরোজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজলসহ তিন ব্যক্তি একটি ডিঙ্গি নৌকা নিয়ে গরু চোরাচালানের জন্য পদ্মা নদীতে যান। তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে নারোখাকি নামক স্থানে পৌঁছালে প্রচণ্ড ঝোড়ো বাতাসের করণে নৌকাটি নদীতে উল্টে যায়। নৌকায় থাকা অপর দুই ব্যক্তি সাঁতরে কিনারায় উঠতে পারলেও গোল কাজল নিখোঁজ হন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চোরাচালানের উদ্দেশ্যে নদী পথে যাচ্ছিলেন গোল কাজলসহ তার সহযোগীরা। নৌকাডুবির ঘটনায় দুজন তীরে উঠতে পারলেও কাজল নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে স্থানীয় উদ্ধারকারী দল ও পুলিশ কাজ করছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ জানুয়ারি ২০২৬

