৮ ঘণ্টা অবরুদ্ধের পর মুচলেকায় মুক্তি পেলেন প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ৬ জন
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি পশুখাদ্য পাচারের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলীসহ ৬ জনকে ৮ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নাচোল উপজেলা পশু হাসপাতালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাচারের কাজে ব্যবহৃত গাড়িসহ দুজনকে আটক করে।
আটককৃতরা হলেন- গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ও পশুখাদ্য ক্রেতা গাজু (৪৫) এবং বসনিটলা গ্রামের আবুল কালামের ছেলে ও গাড়িচালক ফারিকুল ইসলাম (৪৬)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে সরকারি পশুখাদ্য পাচার করা হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী হাসপাতাল চত্বর ঘেরাও করে। এসময় তারা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাওসার আলীসহ ৬ জনকে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন। রাতভর উত্তেজনার পর বুধবার সকাল ৮টার দিকে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদারের নেতৃত্বে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার জানান, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাচোল থানার ওসি মোহাম্মদ আছলাম আলী জানান, আটক ক্রেতা ও গাড়িচালককে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে, অভিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ জানুয়ারি ২০২৬

