বিদেশে বসে দেশ পরিচালনার স্বপ্ন দেখবেন না - তারেক রহমানকে উদ্দেশ্য করে শিবির সভাপতি




বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, একটি দল বিদেশ থেকে দলকে পরিচালনা করছে। আমরা বলতে চাই কোন দল বিদেশে বসে দেশ বা রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখবেন না। বাংলাদেশকে নেতৃত্ব দিতে হলে বাংলাদেশের মানুষের সাথে বসে, মানুষের কাছে এসে নেতৃত্ব দিতে হবে'।
শনিনার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ছাত্র যুব সমাবেশে তিনি একথা বলেন। 
তিনি আরও বলেন, বাংলাদেশে রাজনীতি করতে হলে জুলাই আন্দোলনের আকাংখাকে নিয়ে রাজনীতি করতে হবে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে আর ফ্যাসিবাদী আধিপত্যবাদী রাজনীতি চলবেনা। আমরা দাঁড়িপাল্লাকে বিজয়ী করে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে বৈষম্য থাকবেনা। বেকার সমস্যা থাকবেনা।
ভারতকে উদ্যেশ্য করে জাহিদুল ইসলাম বলেন, 'আমাদের তথাকথিত বন্ধু রাষ্ট্র। তারা আামদের বন্ধুর পরিচয় দিয়ে এসেছে এতো দিন। বন্ধুর পরিচয় দিয়ে সীমান্তে গুলি করে মানুষ হত্যা করে। নদীগুলোয় বাঁধ দিয়ে খরা তৈরি করে বন্যা তৈরি করে। খুনি হাসিনাকে যারা আশ্রয় দেয় তারা আমাদের বন্ধু হতে পারেনা'।

বিএনপির কঠোর সমালোচনা করে জাহিদুল ইসলাম বলেন,  ' শহীদ রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের হাতে গড়া দল যে বিএনপি সে বিএনপি তার চিন্তায় আদর্শে বিএনপি আর নাই। বেগম খালেদা জিয়ার আপোষহীনতার দল সেই বিএনপি আর নেই। বিএনপি এখন হত্যাকারীর দলে পরিণত হয়েছে'। 

অন্যদিকে নতুন বাংলাদেশে পেছন থেকে ক্ষমতা দখলের চেষ্টা করলে পরিণতি হবে ফ্যাসিস্ট হাসিনার চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ঢাকসু) ভিপি সাদিক কায়েম।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং চলবে না।
রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন-একটি দল নোট অব ডিসেন্ট দিয়ে বারবার ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নে বাধা দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্র সংস্কারে বাধা দিলে তরুণ সমাজ তা বরদাস্ত করবে না।
সমাবেশে তরুণদের ভোটাধিকার নিয়ে সাদিক কায়েম আরও বলেন, আগের নির্বাচন গুলোয় ১৮ থেকে ৩৫ বছরের যুবকরা ভোট দিতে পারেনি। তাই আসন্ন নির্বাচনে তরুণরাই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে শহিদদের আকাঙ্খার বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে।

চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত ছাত্র যুব উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর নুরুল ইসলাম বুলবুল। নুরুল ইসলাম বুলবুল আগামীতে নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ কৃষিভিত্তিক ইপিজেড ও আমের বহুবিধ ব্যবহারের মাধ্যমে আম বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে বলে উল্লেখ করেন। 

উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, রাকসু ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। 
চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারীসহ চাঁপাইনবাবগঞ্জ ১ ও ২ আসনে জামায়াত মনোনিত প্রার্থী ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২২ নভেম্বর ২০২৫