মাদক মামলায় যুবকের যাবজ্জীবন



চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় রনি ইসলাম (৩০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। 
রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আসামি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর-মান্দেরপুরের মজিবুর রহমানের ছেলে। 
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ২০২৩ সালের ৬ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার রাজরামপুর-সিসিডিবি এলাকায়  অভিযান চালায় গোয়েন্দা পুলিশ-ডিবি। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১০০ গ্রাম হেরোইনসহ রনি ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় একই দিন ডিবির এসআই আসগর আরী বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমান ২০২৩ সালের ২০মে রনি ইসলামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ সেপ্টেম্বর ২০২৫