মালয়েশিয়া থেকে এলো কফিনে বন্দি দু’প্রবাসীর নিথর দেহ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই রেমিট্যান্সযোদ্ধা শামিম রেজা ও তুহিন। তারা বাড়ি ফিরেছে কিন্তু কফিনে করে। ভাগ্য ফেরাতে মালয়েশিয়ায় গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয় তারা।
৭দিন পর রোববার সকালে তাদের গ্রামের বাড়ি উপজেলার গোপালনগর ও নসিবন্দিনগরে লাশবাহী গাড়ী এসে পৌঁছায় এ দুজন রেমিট্যান্সযোদ্ধার নিথর দেহ। এ সময় এলাকার শত শত নারী পুরুষ তাদের দেখতে ভির জামায়। ওই এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।
নিহতরা হলেন- গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে ২৫বছর বয়সী তুহিন আলী এবং ওই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ২৩বছর বয়সী ছেলে মো. শামিম রেজা। তারা দুজনই মালেশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন।
নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম বলেন, ৩১ আগস্ট মালয়েশিয়ায় সরকারি ছুটির দিনে তুহিন-শামীমসহ ৫জন ওভারটাইমে কাজে গিয়েছিল। সেখান থেকে একটি পিকআপে করে ঘরে ফেরার সময় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায়। তাদের সঙ্গে থাকা ৩জন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম সড়ক থেকে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, নিহতের ৭দিন পর রবিবার সকালে তাদের মরদেহ বাড়িতে আনা হয়। বেলা ১১টায় তাদেরকে দাফন করা হয়।
লিপিস জেলা পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট ইসমাইল মান’র বরাতে মালয়েশিয়ার সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রো জানায়, ৩১ আগস্ট বিকেল ৩টা ৩০ মিনিটে গাহাই অ্যাগ্রোপলিটন ফার্ম থেকে তানজুং গাহাইয়ের খামার থেকে শ্রমিকদের বাসায় যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ১৯৮৭ সালের সড়ক পরিবহন আইনের ৪১(১) ধারার অধীনে বেপরোয়া গাড়ি চালানোর কারণে মারাত্মক দুর্ঘটনার অভিযোগে মামলাটি তদন্ত করা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৭ সেপ্টেম্বর ২০২৫

