ভোলাহাটে ক্যান্সার সচেতনতামুলক সেমিনার
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এর প্রতিরোধে সচেতনতামূলক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ সরকারের ক্যান্সার শিক্ষা ও সচেতনতা কর্মসুচির আওতায় ভোলাহাট পল্লীমঙ্গল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন স্থান থেকে আগত প্রায় তিন শতাধিক নারী অংশগ্রহণ করেন।
ডাইসিন গ্রুপের উদ্যোগে সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয় এই সেমিনার আয়োজন করে। এতে সহযোগিতা করেন বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশন-বিএনসিইউ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ।
সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন, সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ মুস্তাক ইবনে আইয়ুব। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইউনেস্কোর সাবিনা ইয়াসমিন এবং প্রভাষক কানিজ ফাতেমা, ডাইসিন গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান।
সেমিনারে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। এছাড়াও সেমিনারে নারীদের মধ্যে স্তন ক্যান্সার ও জরায়ু মুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়ানোর জোর দাবি জানান বক্তারা ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৫ সেপ্টেম্বর ২০২৫

