শিবগঞ্জে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক বীর মুক্তিযোদ্ধার দুই সন্তানের বিরুদ্ধে 'মিথ্যা মামলা দেওয়ার' অভিযোগ তুলে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে 'উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ'-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৫০ জন বীর মুক্তিযোদ্ধা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, গত ২৯ সেপ্টেম্বর বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীনের বাড়ির সামনের আমবাগানে থাকা জ্বালানি কাঠ ও খড় রাখার একটি ঘরে অভিযান চালায় এসআরবির সদস্যরা। ওই সময় সেখান থেকে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধারের দাবি করা হয়। অভিযান চলাকালে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীনের ছোট ছেলে (স্বাস্থ্য বিভাগের অফিস সহায়ক) মেহেদি হাসানকে বাড়ি থেকে ডেকে এনে আটক করা হয়। পরবর্তীতে এই ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় তাঁর মেজো ছেলে, পুলিশের সাবেক এএসআই আল মামুনকে।

পরিবার ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের দাবি, ঘটনার সময় মেজো ছেলে আল মামুন রাজশাহীতে তাঁর শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। এই ঘটনার সঙ্গে বীর মুক্তিযোদ্ধার দুই ছেলের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তারা মূলত সোর্সের ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, "আমাদের স্বাধীন করা দেশেই আজ আমাদের সন্তানেরা মিথ্যা মামলার শিকার হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক।" তাঁরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ কোনো উচ্চতর তদন্তকারী সংস্থার মাধ্যমে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের জোর দাবি জানান।

শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলার রশিদ সনুর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা আরিফ আলী টিসু। এ সময় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল হোসেন, নুহু নাবিউল ইসলাম, সালাউদ্দিন, মোহা. মোস্তফা ও সাইদুর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২০ অক্টোবর ২০২৬