চাঁপাইনবাবগঞ্জে আম বাগান থেকে ৯২টি ককটেল ও বিপুল বিস্ফোরক উদ্ধার



চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, বিপুল পরিমাণ গান পাউডার এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক ও অস্ত্র জব্দ করা হয়।

এসআরবি-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই আম বাগানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১.৮ কেজি সাদা রঙের গান পাউডার সদৃশ পাউডার, ২টি হাসুয়া এবং ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে এসআরবি-৫, রাজশাহীর বোম্ব ডিসপোজাল ইউনিটের কার্যকর সহযোগিতায় নিরাপদে ককটেলগুলো নিষ্ক্রিয় ও উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন হয়।



বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতকারীরা এসব বিস্ফোরক দ্রব্য আম বাগানে লুকিয়ে রেখেছিল বলে প্রাথমিক ধারণ করা হচ্ছে। তবে অভিযানকালে ঘটনাস্থল বা আশপাশে সন্দেহভাজন কাউকেই না পাওয়ায় এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত ককটেল, গান পাউডার ও অন্যান্য সরঞ্জামাদি পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৬ অক্টোবর ২০২৬