শিবগঞ্জে পাটবোঝাই ট্রাক্টর উল্টে পাটের নিচে চাপা পড়ে শিশু নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে পাটের নিচে চাপা পড়ে জগন্নাথ কর্মকার (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (আজ) সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা বাজার এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশু জগন্নাথ কর্মকার ওই গ্রামের দুলাল কর্মকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে শিশু জগন্নাথ বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় পাটবোঝাই একটি স্থানীয় ট্রাক্টর (কাকড়া) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা পাটের নিচে চাপা পড়ে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২৮ সেপ্টেম্বর ২০২৬

