শিবগঞ্জে পানিতে ডুবে শিশু ও বজ্রপাতে যুবকের মৃত্যু



চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুর্ঘটনায় নদীতে ডুবে এক শিশু এবং বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দাদনচক বাজার সংলগ্ন পাগলা নদীর শাখায় ও মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুটাপাড়া মাঠে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দাদনচক গ্রামের পলাশ উদ্দিনের ছেলে ইউসুফ আলী (১১) এবং তারাপুর ঠুটাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে সাহেব আলী (২৯)।

শিবগঞ্জ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউসুফ আরও কয়েকজনের সাথে পাগলা নদীর শাখা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে বিকেল ৩টার দিকে নদী থেকে তার লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে, মনাকষা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বার) মো. সমির উদ্দিন জানান, দুপুর আড়াইটার দিকে তারাপুর ঠুটাপাড়া এলাকার একটি মাঠে কাজ করছিলেন সাহেব আলীসহ কয়েকজন কৃষক। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই সাহেব আলীর মৃত্যু হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে। 

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৮ সেপ্টেম্বর ২০২৬