শিবগঞ্জে স্ত্রীকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী মনোয়ারা বেগমকে (৬০) ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার পর স্বামী মফিজুল হক (৭৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার বিকাল ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুর গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মফিজুল হক ও তার স্ত্রী মনোয়ারা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে বিকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মফিজুল হক ধারালো হাসুয়া দিয়ে তার স্ত্রী মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে হত্যা করে। স্ত্রীকে হত্যার পর মফিজুল হক নিজেই ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
তারা আরও জানান, মফিজুলের ছেলের বউ শাপলা বেগম এক স্বজনের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়িতে এসে দরজা বন্ধ দেখে জানালা দিয়ে দেখতে পাই তার শাশুড়ি মনোয়ারা বেগমকে ঘরের মেঝেতে গুরুতর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে তার চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা ফ্যানের হুকের সঙ্গে মফিজুল হকের ঝুলন্ত লাশ এবং মনোয়ারা বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পায়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। মরদেহ দু'টি ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, এ ঘটনায় মনোয়ারা বেগমের জামাই বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও একটি অপমৃত্যু মামল (ইউডি) হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ সেপ্টেম্বর ২০২৬

