ফুটপাতের পিঁয়াজু খেয়ে শিবগঞ্জে ৯ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি ৭
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফুটপাতের একটি দোকান থেকে পিঁয়াজু খেয়ে মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ৭জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদ্যে বিষক্রিয়ার (ফুড পয়জনিং) কারণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ শিক্ষার্থীরা জানায়, প্রতিদিনের মতো সকালে তারা বিদ্যালয়ে আসে। টিফিনের ফাঁকে ৯ শিক্ষার্থী স্কুলের সামনের একটি ফুটপাতের দোকান থেকে পিঁয়াজু কিনে খায়। পিঁয়াজু খাওয়ার প্রায় আধাঘণ্টা পর তাদের মধ্যে কারো মাথাব্যথা, কারো মাথা ঘোরা শুরু হয়। ঘটনার পরপরই দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে অভিভাবকদের মাধ্যমে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আর সাতজনকে শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফাইফুল করিম জানান, টিফিনের ফাঁকে সপ্তম শ্রেণির ৮-১০ জন শিক্ষার্থী বাইরের ফুটপাতের দোকান থেকে পিঁয়াজু কিনে খায়। খাওয়ার কিছুক্ষণ পরই তারা অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে দুজনকে প্রাথমিক সেবা দিয়ে বাড়ি পাঠানো হয়। বাকি সাতজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। খবর পেয়ে অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরাও হাসপাতালে এসেছেন।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. রহমতুল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণে এই ঘটনা ঘটেছে। বর্তমানে রোগীরা বিপদমুক্ত রয়েছে। তবে তাদের সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ১৩ আগষ্ট ২০২৬

