লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের ডিসি অফিস ঘেরাও



চাঁপাইনবাবগঞ্জে দিন-রাতে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদসহ ৮ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের ডিসি অফিস ঘেরাও করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে ‘চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
এর আগে বারঘরিয়ার পলিটেকনিক ক্যাম্পাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, কম্পিউটার বিভাগের শিক্ষার্থী রিপন আলী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রহিম।
বক্তারা বলেন, বর্তমানে পলিটেকনিক ইনস্টিটিউটে পর্ব সমাপনী পরীক্ষা চলছে। এ সময় দিন-রাতে মাত্রাতিরিক্ত ও অঘোষিত লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। ফলে তাদের কাঙ্ক্ষিত ফলাফল ও ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়ছে।

তারা আরও উল্লেখ করেন, বিদ্যুতের এই সংকটে পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি জেলাজুড়ে ব্যবসা-বাণিজ্য, হাসপাতাল ও চিকিৎসাসেবা এবং গৃহস্থালির দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্রাম ও শহরের মধ্যে বিদ্যুৎ বণ্টনে চরম বৈষম্য করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা তাঁদের ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। তাঁদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:
বারঘরিয়া সংলগ্ন পলিটেকনিক ও আশপাশের এলাকায় অযৌক্তিক লোডশেডিং অবিলম্বে বন্ধ করা, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, উক্ত এলাকার বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা পিডিবি বা নেস্কোর আওতায় আনা।
দ্রুত সময়ের মধ্যে এসব দাবি আদায় ও বিদ্যুতের সমস্যা সমাধান না হলে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক / ১২ আগষ্ট ২০২৬