রেললাইনের পাশ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মহাডাঙ্গা রেল ব্রিজের পাশের একটি পুকুরপাড়ের ঝোপের মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, দুপুরে মহাডাঙ্গা রেল ব্রিজের পাশে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে বিকেল পৌনে ৪টার দিকে মরদেহটি ময়না তদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মরদেহটি বেশ কয়েকদিন আগের হওয়ায় অর্ধগলিত অবস্থায় ছিল। প্রাথমিকভাব ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে গিয়ে বা অন্য কোনোভাবে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রাজশাহী থেকে সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ আগষ্ট ২০২৬

