নাচোলে ট্রেনে কাটা পড়ে পাওয়ার টিলার চালকের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহানন্দা এക്সপ্রেস ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারের চালক আবুল কালাম আজাদ টিমন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৬টা ২০ মিনিটে নাচোল-খলসি সড়কের দেওপাড়া রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ টিমন উপজেলার বান্দ্রা গ্রামের মোঃ মহিবুর রহমানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালের দিকে আবুল কালাম আজাদ পাওয়ার টিলারে একটি ছাগল নিয়ে দেওপাড়া থেকে নিজ গ্রাম বান্দ্রায় ফিরছিলেন। পথে দেওপাড়া রেল ক্রসিং পার হওয়ার সময় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী 'মহানন্দা এক্সপ্রেস' ট্রেন পাওয়ার টিলারকে সজোরে ধাক্কা দেয়। এতে টিমন ট্রেনের নিচে কাটা পড়ে দেহ থেকে মাথা ও হাত বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় তার সঙ্গে থাকা একটি ছাগলও মারা যায়।
আমনুরা জিআরপির আইসি শফিকুল ইসলাম জানান, রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলারের চালক টিমন নামে একজন মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিয়ে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা রেললাইনে ওপর গাছের গুড়ি ফেলে রেলক্রসিংয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৬ আগষ্ট ২০২৬

