চাঁপাইনবাবগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে।বুধবার সকালে দিবসটি উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ হারুন। পরে জেলা বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্থানীয় পানি উন্নয়ন বোর্ড, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ এবং জেলা কারাগারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 'চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে' জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এবং দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেষে জুলাই শহীদদের কবর জিয়ারত করা হয়। এসব অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৫ আগষ্ট ২০২৬

