নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের মানববন্ধন
অসহনীয় লোডশেডিং বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং বিতর্কিত প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াতের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জামায়াত নেতা এডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম এবং পৌর জামায়াতের নায়েবে আমীর এডভোকেট শফিক এনায়েতুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে পুরো চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিদ্যুৎ খাতে চরম অব্যবস্থাপনা ও জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। দিন-রাত মিলিয়ে সামান্য কয়েক ঘণ্টাও বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। তীব্র লোডশেডিংয়ের কারণে একদিকে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে, অন্যদিকে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাসেবা ভেঙে পড়েছে। এছাড়া সেচ পাম্প বন্ধ থাকায় কৃষি জমি শুকিয়ে যাচ্ছে, বাসাবাড়িতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এবং মিল-কারখানা বন্ধ থাকায় ব্যবসায়ীরা লোকসানে পড়ছেন। পাশাপাশি ত্রুটিপূর্ণ প্রিপেইড মিটারের মাধ্যমে অতিরিক্ত টাকা কেটে নেওয়ারও অভিযোগ তোলেন তারা।
মানববন্ধন শেষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও ডিজিটাল প্রিপেইড মিটার প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক, নেসকোর নির্বাহী প্রকৌশলী ও পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০৪ আগষ্ট ২০২৬

