সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় গাড়ি পার্টস জব্দ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আনা প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ২৯১ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ (পার্টস) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৯ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ তালতলা এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালিয়াদিঘী তালতলা এলাকায় অভিযান চালিয়ে ২৯১ পিস ভারতীয় গাড়ির যন্ত্রাংশ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ টাকা।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ০১ আগষ্ট ২০২৬

