পদ্মা পাড়ের ১ হাজার মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের এক হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুর্গম সীমান্তবর্তী এলাকার স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে
৫৩ বিজিবির উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

বিজিবি কর্মকর্তারা জানান, নদী ভাঙনে স্বাস্থ্যকেন্দ্র বিলীন হয়ে যাওয়ায় এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে সরকারি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত রয়েছেন। স্থানীয়দের অসুবিধার কথা ভেবে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এতে ৮ বিশেষজ্ঞ চিকিৎসক ওই মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দিয়েছেন। ক্যাম্পে আসা সব রোগীকেই প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়েছে।
বিজিবি'র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বিজিবি'র নিজস্ব অর্থায়নে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা দেয়া হয়। পাশাপাশি চিকিৎসা ক্যাম্পে ভেটেরিনারী চিকিৎসকের মাধ্যমে স্থানীয় গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়। 

চিকিৎসা ক্যাম্পে বিজিবি'র রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ২ জন নারী ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ১ জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক, বিজিবি'র ২ জন বেসামরিক চিকিৎসক ও চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের ১ জন ভেটেরিনারী চিকিৎসকসহ মোট ৮ জন চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেন। 
এসময় বিজিবি'র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
দিনব্যাপী এই কর্মসূচিতে পদ্মাপাড়ের প্রায় ১ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এছাড়া স্থানীয় কৃষকদের সুবিধার্থে ২০০টি গবাদিপশুকে দেয়া হয় ভেটেরিনারি চিকিৎসা ও পরামর্শ।

এদিকে যোগাযোগ ব্যবস্থার কারণে নদীবেষ্টিত চরাঞ্চল থেকে শহরে গিয়ে চিকিৎসা নেওয়া অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য উল্লেখ করে ঘরের কাছে চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা ও স্বস্তি প্রকাশ করেছেন চরাঞ্চলবাসী।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ / নিজস্ব প্রতিবেদক / ২১ জুলাই ২০২৬